নিজস্ব প্রতিবেদক
১৭ বছর পর নতুন ঠিকানায় দারুল ইহসান কাসিমিয়া (এক্সিলেন্ট) মাদরাসা। ময়মনসিংহের ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা কামিল মাদরাসা থেকে একটু উত্তর দিকে ঢাকা-হালুয়াঘাট মেইন রোডে ইন্দিরাপাড় সংলগ্ন নিজস্ব জায়গায় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মাদরাসা প্রতিষ্ঠার ফজিলত, গুরুত্ব ও উপকারিতা বিষয়ে বিস্তারিত বয়ান করেন আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মেরাজুল হক। এরপর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বয়ান করে দোয়া পরিচালনা করেন শায়খে বালিয়ার খলীফা জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.)-এর মুহতামিম পীরে কামিল মুফতী আজীমুদ্দীন শাহ জামালী।
দোয়াপূর্ব মজলিসে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, শাহিদা রাইস মিলের মালিক সারোয়ার, স্থানীয় কাঠ ব্যবসায়ী আমিন প্রমুখ। স্বাগত: বক্তব্যে মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল মান্নান এ প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া এ মাদরাসা যাতে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, এখান থেকে যাতে আল্লাহওয়ালা মানুষ তৈরি হয় এ ব্যাপারে তিনি সকলের সার্বিক সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেন। এসময় এলাকাবাসী ও মাদরাসার ছাত্র শিক্ষকসহ পরিচালকের ভাই আবুল কালাম, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ নাঈম বিন কালাম, বাঁশবাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি আফতাব উদ্দিন, ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সানী ইমাম হাফেজ মাওলানা আশরাফুল আলম, মুয়াজ্জিন হাফেজ আবুল কাসেম, সাংবাদিক রাকিবুল ইসলাম মাহফুজ, সেলিম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।