সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহে এবার এসএসসি পাশের হার ৮৫.৪৯ শতাংশ যা সারাদেশে চতুর্থস্থানে। বোর্ডে এবার পাশের দিক দিয়ে ছাত্রের চেয়ে ছাত্রীরা পেয়েছেন ১ হাজার ১২৯জন জিপিএ।
বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মোট ১ লাখ ২২ হাজার ৮৭২জন পরীক্ষার্থীর মাধে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৭জন। মোট জিপিএ পাঁচ পেয়েছে ১৩ হাজার ১১৭জন।
বোর্ডের অধীনে ৪টি জেলায় পাশের হার ময়মনসিংহে ৮৫.৬০% শতাংশ, জামালপুরে ৮৬.৯৮% শতাংশ, শেরপুরে ৮৬% শতাংশ এবং নেত্রকোণায় ৮৩.০৮% শতাংশ। ৪টি জেলায় মোট ১ হাজার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের ১৪৯টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বোর্ডে ৫৫টি বিদ্যালয় থেকে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে এবং শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের কোনো নাম নেই।
শুক্রবার সকালে ফলাফল প্রকাশ করে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল জানান, শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় ফলে এবার সারাদেশের তুলনায় অনেকটা ভালো ফলাফল অর্জন করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের ব্যাপারে আরও মনযোগী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিস্তারিত ফলাফল প্রকাশ করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শামসুল ইসলাম জানান, এই বোর্ডে মোট ১ লাখ ২২ হাজার ৮৭২জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬২ হাজার ৩৩২জন এবং ছাত্রীর সংখ্যা ৬০ হাজার ৫৪০জন। ছাত্র পাশ করেছে ৫২ হাজার ৫৮৯জন, পাশের হার-৮৪.৩৭ শতাংশ এবং জিপিএ পাঁচ পেয়েছে ৬ হাজার ২৪জন। অপর দিকে ৬০হাজার ৫৪০জন ছাত্রীর মধ্যে ৫২ হাজার ৪৫৮জন ছাত্রীপাশ করেছে এবং পাশের হার ৮৬.৬৫ শতাংশ।
পরীক্ষায় পাশের হার কম হওয়ার প্রসঙ্গে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল জানান, এবার সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পাশের হার কমেছে। সারাদেশে ৯টি বোর্ডের তুলনায় ময়মনসিংহে পাশের হার চতুর্থস্থানে।