নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহে দেশীয় উদ্যোক্তাদের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণকে উৎসাহিত করতে শুরু হয়েছে “রিলাই বাণিজ্য মেলা-২০২৬”। শুক্রবার (২৪ এপ্রিল) বৈশাখী মঞ্চে, জয়নুল আবেদিন পার্ক প্রাঙ্গণে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই মেলার পর্দা ওঠে। মেলাটি চলবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। মেলার আয়োজন করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), যা দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন ও বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি (ময়মনসিংহ-৩, গৌরীপুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল হাসান।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা দেশীয় পণ্যের প্রসার, স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের মেলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই উদ্যোগ দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
মেলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তারা তাদের উৎপাদিত নানান দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। এতে হস্তশিল্প, খাদ্যপণ্য, পোশাকসহ বিভিন্ন উদ্ভাবনী পণ্য স্থান পেয়েছে।
আয়োজকরা আশা করছেন, এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা যেমন নতুন বাজার খুঁজে পাবেন, তেমনি সাধারণ দর্শনার্থীরাও দেশীয় মানসম্পন্ন পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।