মোঃ খলিলুর রহমানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনি ট্রেন চলতে শুরু করেছে। আগামী রমজানের আগেই নির্ধারিত স্টেশনে এই ট্রেন পৌঁছাবে।’ জনগণ ও বিএনপির নেতাকর্মীদের প্রতি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, ‘গ্রামে গ্রামে ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।’ আগামী নির্বাচনে বিএনপিকে ‘ধানের শীষে ভোট দিন, তারেক রহমান সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ উপহার দেবেন।’
সোমবার (১১ আগস্ট) বিকালে ময়মনসিংহের ফুলপুরে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে সিংহেশ্বর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।
আগামী সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রিন্স বলেন, ‘বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে তৃণমূলের অভাবী পরিবারকে সহায়তা, কৃষক কার্ডের মাধ্যমে গরীব কৃষককে একটি ফসলের উৎপাদন খরচ প্রদান, এক বছরের জন্য শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান , অন্যান্য বেকারদের কর্মসংস্থান, শিল্প কলকারখানা স্থাপনসহ জনকল্যাণে বিএনপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।’
সমাবেশে এমরান সালেহ প্রিন্স আরও বলেন , তারেক রহমানের দুই চোখে পরিবর্তনের আলো।এই আলোয় বাংলাদেশকে আলোকিত করতে হবে। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন শুধু তাঁর একার নয়, সমগ্র দেশবাসীর। এই স্বপ্ন বাস্তবায়নের চালেঞ্জ নেতাকর্মীদের নিতে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে। জনগণ যা পছ্ন্দ করে না, কষ্ট পায় – তা পরিহার করতে হবে। আওয়ামী লীগ নষ্ট রাজনীতির চর্চ্চা করেছে। বিএনপি জনকল্যাণে রাজনীতি করে। আগামী বিএনপি সরকারের জন্য তারেক রহমানের জনকল্যাণে কর্মসূচির কথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব ঘরে ঘরে তা পৌঁছে দেয়ার আহ্বান জানান।

