মোঃ খলিলুর রহমানঃ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন, ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের দুইবারের এমপি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। তিনি শুক্রবার রাতে উপজেলার সাহাপুর, মোকামিয়া , কাশিগঞ্জ বাজারে, ভাইটকান্দি, শ্যামপুর, গোয়াডাংগা, চরনিয়ামত, কাঁঠালতলী , চায়না মোড়, পয়ারী ও কালিবাড়ী মোড়সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগকালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি সাধারন ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় তিনি কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।

ফুলপুর ও তারাকান্দার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, সর্বক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। আর জননেত্রী শেখ হাসিনার অধীনেই দেশে সঠিক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় । সেজন্যই আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, আপনারা আমার পিতাকে বার বার ভোট দিয়েছেন। ৫বার এমপি নির্বাচিত করেছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য তিনি এবার দেড়শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এত কিছুর পর নৌকা মার্কায় তিনি আপনাদের একটি ভোট আশা করতে পারেন না কি? এর উত্তরে সবাই হাত উঁচু করে তাকে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

