রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠন। শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন ফুলপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার (২২মে) ভাষা সৈনিক মরহুম এম শামছুল হক চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে ভাষা সৈনিক মরহুম এম শামছুল হক চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌরসভার মেয়র মি শশধর সেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এরশাদ হোসেন লিমন, সাধারন সম্পাদক তানিম আহমেদ শাওনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ।
শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়ে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান বিক্ষোভ সমাবেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালিয়েছেন।