জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন,‘খেলা হবে। আবাহনী ও মোহামেডানের খেলা হয়, আবার আবাহনীর সঙ্গে ওয়ারিও খেলে। তবে ওয়ারির সঙ্গে খেলেত মজা নাই। খেলা হবে। তবে ভাবতে হবে আপনাদের টিমটা কিন্তু এখন তৃতীয় বিভাগে চলে গেছে। আওয়ামী লীগের মতো প্রথম বিভাগের দলের সঙ্গে খেলার মতো খেলোয়ার এখন আর আপনাদের নাই। আগে খেলোয়ার তৈরি করেন। ওই পজিশনে আসেন। তারপর খেলার ঘোষণা দেন।
শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে দ্বিতীয় পর্যায়ে লিটন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে চীফ হুইপ এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা চাই বিরোধী দল রাজনীতি করবে, সরকারের সমালোচনা করবে, আবার বিপদে সরকারের পাশে থাকবে। এটাই হলো বিরোধী দলের ভূমিকা। যখন করোনা মহামারী শুরু হয়। মানুষ ঘর থেকে বের হতে পারেনি, খাবারের ব্যবস্থা নেই তখন বিএনপি ও জাতীয় পার্টিকে মানুষের পাশে দাঁড়াতে আমরা দেখিনি। আজকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে আমাদের খাদ্য সরবরাহ ও তেল আমদানি বন্ধ হয়ে গেছে। ডলার সংকট হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী দেশবাসীকে বারবার বলছে আপনাদের এক খন্ড জমিও যেন চাষাবাদের বাইরে না থাকে। কারণ সকল ঝুঁকি মোকাবেলায় আমাদের প্রস্তুত হতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের বর্তমান খারাপ পরিস্থিতির ফায়দা নেওয়ার চেষ্ঠা করছে বিএনপি ও জাতীয় পার্টি। তারা এখন আন্দোলনের নামে বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কই বাংলাদেশের কোনো দূর্যোগেতো তাদেরকে আমরা পাশে পাই নাই।’
এ দিন সকালে চিফ হুইপ দত্তপাড়ায় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের ডায়নামিক ওয়েব সাইট উদ্বোধন করেন। পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে লায়ন্স ক্লাব ও ঢাকাস্থ শিবচর সমিতির উদ্যোগে বিনামূল্যে আই ক্যাম্পের উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে শিবচর ডায়াবেটিক সমিতির বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা কর্মসূচি পরিদর্শন করেন।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো. মাসুদ আলম, ইলিয়াস আহমেদ চৌধুরী, কলেজের গভর্নিং বডির সভাপতি নাসির আহমেদ চৌধুরী, শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. সেলিম, লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক, ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম আকন্দসহ আরও অনেকে।