প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৬, ৬:০৩ পি.এম
ফুলপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট, ৪ মামলায় ১৬ হাজার টাকা জরিমানা

মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আমুয়াকান্দা বাজার, পৌর বাজার, হাজী রোড এলাকায় পরিমাপের একক ডিজিটাল স্কেল, বাটকারা যাচাই এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বৃহস্পতিবার (১৪ মে) পরিচালিত এ অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ও পরিমাপে ত্রুটি থাকায় মোট ৪টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় অফিসের পরিদর্শক প্রকৌশলী মেহের আপফান।
জানা যায়, ফুলপুর উপজেলার আমুয়াকান্দা ধানমহল এলাকায় অবস্থিত মেসার্স গৌরাঙ্গ ভান্ডার ও মেসার্স ত্বকী ট্রেডার্স বৈধ ভেরিফিকেশন সনদ ও স্ট্যাম্পবিহীন ওজনযন্ত্র ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৩ হাজার টাকা করে জরিমানা করে তা আদায় করা হয়।
এছাড়া ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার মক্কা স্টোর এবং মেসার্স মদিনা পার্টস হাউস বৈধ ওজনযন্ত্র সরবরাহকারী সনদ ছাড়া ওজনযন্ত্র বিক্রি করায় প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযান চলাকালে মেসার্স মদিনা পার্টস হাউস থেকে একটি মেয়াদোত্তীর্ণ স্ট্যাম্পযুক্ত ওজনযন্ত্র জব্দ করা হয়।
এসময ফুলপুর থানা পুলিশ সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম বলেন, সকল ডিজিটাল স্কেল ৭ দিনের মধ্যে বিএসটিআই কর্তৃক যাচাই ও অনুমোদন নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2022 দৈনিক ভোরের খড়িয়া. সম্পাদক ও প্রকাশক: মোঃ খলিলুর রহমান, নির্বাহী সম্পাদক: তাসনোভা নাছরিন নিশু, বার্তা সম্পাদক: শাকিব মিয়া