
সরকারের দুর্নীতি, লুটপাট, অপরিণামদর্শী সিদ্ধান্ত, অব্যবস্থাপনায় দেশ ও জনগণ আজ খাদের কিনারায় বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ‘জনজীবনে নাভিশ্বাস উঠেছে। টিসিবির ট্রাকে চাল কিনতেও মানুষকে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে, তাও সবাই পাচ্ছে না। নিজেদের ব্যর্থতা আড়াল ও জনগণকে বিভ্রান্ত করতে সরকার নানা অজুহাত দেখাচ্ছে। অজুহাত দেখিয়ে গণবিচ্ছিন্ন সরকার পার পাবে না। দেশ ও জনগণের বেহাল দশার জন্য আওয়ামী সরকার দায়ী।’

যুগপৎ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় পদযাত্রাপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন—সাবেক এমপি শাহ শহীদ সরোয়ার, আহমেদ তাইয়্যেবুর রহমান হীরন, ইয়াসির খান চৌধুরী, অ্যাডভোকেট নূরুল হক, হাফেজ আজিজুল হক, কামরুজ্জামান লিটন, লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, মফিজ উদ্দিন, আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, অ্যাডভোকেট সৈয়দ এনায়েতুর রহমান, আমিনুল হক, অ্যাডভোকেট আবদুস সালাম, হারুন অর রশীদ, মাসুদ রানা খান, হাবুবুল ইসলাম শহীদ, আবদুস সালাম আজাদ, আবদুস সাত্তারসহ অনেকে।
প্রিন্স বলেন, আন্দোলন নগর, শহর, গ্রাম, পাড়া, মহল্লায় ছড়িয়ে পড়েছে। জনগণের অংশগ্রহণও ব্যাপক। তাই আন্দোলনকে বিভ্রান্ত এবং জনগণের দৃষ্টি ও মনোযোগ ভিন্নদিকে নিতে মন্ত্রীরা বেগম খালেদা জিয়ার মুক্তি, রাজনীতি, নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী কথাবার্তা বলছে।
তিনি বলেন, ‘আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট—বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সাজা বাতিল এবং একদলীয় সংসদ বাতিল ও সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য হবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আওয়ামী নেতাদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা চোখে সর্ষেফুল দেখে আবোলতাবোল বকছে, ভুয়া আলোচনার খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে।’

সমাবেশ থেকে আগামী ৪ মার্চ সব মহানগরের থানায় থানায় পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন প্রিন্স। পরে এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির পদযাত্রা শম্ভুগঞ্জ বাজার থেকে শুরু হয়ে প্রায় তিন কিলোমিটার অতিক্রম করে আলালপুরে গিয়ে শেষ হয়। পদযাত্রায় ১০ দফা দাবি উল্লেখ করে ফেস্টুন, প্ল্যাকার্ড বহন এবং লিফলেট বিতরণ করা হয়।